প্রাথমিকের ৯১ শিক্ষককে গোপনে বদলির প্রক্রিয়া চূড়ান্ত, ঘুষের অভিযোগ

Last Updated on: February 16, 2026

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে প্রাথমিকের ৯১ জন সহকারী শিক্ষক বদলির প্রক্রিয়া চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।অভিযোগ উঠেছে, প্রভাব বিস্তার করে এই বদলিতে কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। টাকার বিনিময়ে মন্ত্রণালয় থেকে অনুমোদনও দেওয়া হয়েছে। নির্বাচনের পর সরকারি আদেশ আকারে জারি করার কথা রয়েছে। আর এই বদলির পেছনে কাজ করছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক আমলা। এছাড়া সরকারি প্রাথমিক শিক্ষকদের বাইরে থেকে ঢাকায় বদলি হয়ে আসা আইনে নিষিদ্ধ হলেও সরকারের উচ্চ পর্যায় থেকেও কয়েকটি বদলির তদবির রয়েছে মর্মে অনুসন্ধানে জানা গেছে।
টাকার বিনিময়ে বদলির বিষয়ে শিক্ষাবিদ ও প্রাথমিক শিক্ষা গবেষক মো. সিদ্দিকুর রহমান বলেন, নির্বাচনের তফশিল ঘোষণার পর বদলি নিষিদ্ধ। যদি দরকার হয় তবে, কমিশনের অনুমোদন সাপেক্ষে অথবা কমিশন নিজে মনে করলে হতে পারে। কিন্তু দেখা যায় সোনার হরিণ হিসেবে পরিচিত প্রাথমিকের বদলি, নির্বাচনের কিছুদিন আগে টাকার বিনিময়ে এমন বদলির ফাইল অনুমোদনের তথ্য যদি সঠিক হয় তাহলে তা খুবই দুর্ভাগ্যজনক। এটা বাতিল করা উচিত।

অনুসন্ধানে জানা যায়, বরিশাল হিজলার টুমলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তানজীন তামান্নাকে ঢাকা মোহাম্মদপুর থানার আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এজন্য সরকারের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার রেফারেন্স ব্যবহার করা হয়েছে। একইভাবে মুলাদি ৬৫ নং চরলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শারমিন আক্তারকে বরিশাল সিটির ৯৮নং শেরে-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এজন্য সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার রেফারেন্স ব্যবহার করা হয়েছে। এছাড়া, সাতক্ষীরা কালিগঞ্জের পশ্চিম মৌতলা বিদ্যালয়ের রেবেকা সুলতানাকে খুলনার মোল্লাপাড়া বিদ্যালয়ে বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
মিরপুর পীরেরবাগ সরকারি প্রাথমিকের আগমনী মালাকারকে ঢাকার আগারগাঁও তালতলা বিদ্যালয়ে সংযুক্তি দেওয়া হচ্ছে। চট্টগ্রামের রাউজানের মনীষা খাস্তগীরকে চট্টগ্রামের অন্দরকিল্লাতে বদলি, ঢাকার রমনার একটি বিদ্যালয় থেকে সাদিয়া নূরকে ঢাকার খিলগাঁওয়ে, সিরাজগঞ্জ থেকে মো. নুরুল আলমকে টাঙ্গাইলের দেলদুয়ারে বদলি করা হবে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে জাকিয়া সুলতানাকে জেলা সদরে বদলির সুপারিশ করা হয়েছে। মুন্সীগঞ্জের লৌহজংয়ের হরুন নেছাকে উত্তর বাড্ডার একটি স্কুলে, কুমিল্লার কুসুম কলিকে ঢাকার মোহাম্মদপুরে সংযুক্ত, পঞ্চগড়ের আফসানা পারভীনকে দিনাজপুরে বদলি ও বগুড়ার ধুনটে (বর্তমানে ক্যান্টনমেন্ট ঢাকায় সংযুক্তিকে আছেন সারিয়া বাশার মিমকে ঢাকা ক্যান্টনমেন্টে বদলির করা হবে।

মন্ত্রণালয় সূত্র বলছে, লোকচক্ষুর অন্তরালে নিয়মবহির্ভূতভাবে এই বদলির উদ্যোগ নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একসঙ্গে এত শিক্ষককে নির্বাহী বদলি বদলিপ্রত্যাশীদের মনে ব্যাপক ক্ষোভের সঞ্চার করবে। কারণ দিনের পর দিন লাখ লাখ টাকা নিয়েও মানুষ তার প্রিয় কর্মস্থলে বদলি করতে পারছে না।বদলি কার্যক্রমের আদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জারি করে থাকলেও এর বিষয়ে দপ্তরটির মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এই বদলির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন।

জানা যায়, অনলাইন বদলির নির্দেশ হাতে পেলেও হাজারো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নতুন কর্মস্থলে যোগদান করতে পারছেন না। তথ্য অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে জেলায় জেলায় অনলাইনের মাধ্যমে দেওয়া প্রায় হাজারো প্রতিস্থাপন শর্তযুক্ত বদলির আদেশ কাগজেই থেমে আছে। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলাতেই প্রায় ৬০ জন শিক্ষক একই সমস্যায় আটকে আছেন। হবিগঞ্জে ৪৬ জনের মধ্যে ২১ জন, সিলেটে ৬৪ জনের মধ্যে ২৫ জন, মৌলভীবাজারে ৬০ জনের মধ্যে ২২ জন, চট্টগ্রামে ৭৩ জনের মধ্যে ১১ জন, রংপুরে ৫৯ জনের মধ্যে ১৭ জন, ঠাকুরগাঁওয়ে ৫৯ জনের মধ্যে ১৭ জনসহ বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক শিক্ষক বদলির আদেশ পেয়েও নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি বলে জানা গেছে।

জানা যায়, নারায়নগঞ্জ সদরের শারমিন আক্তারকে ঢাকার গুলশানের একটি স্কুলে বদলি করা হবে। মিরপুর ঢাকায় সংযুক্তিতে আছেন ফারজানা সুলতানাকে ধউর বিদ্যালয়ে বদলি করা হচ্ছে। কেরানীগঞ্জের তাহমীনা আলীকে ঢাকার ডেমরার একটি স্কুলে সংযুক্তি করার সুপারিশ করা হয়েছে।

গাজীপুরের ফারজানা নাসরীনকে গুলশান দক্ষিণখানের একটি স্কুলে সংযুক্তি, পটুয়াখালী থেকে মোসা. আফসানা পিংকিকে বরিশালে সংযুক্তি, জোবায়দা খাতুনকে নাটোরের বড়াইগ্রাম থেকে সদরে সংযুক্তি এবং জামালপুরের সালমা আক্তারকে ঢাকার মোহাম্মদপুরের একটি স্কুলে সংযুক্তির অনুমোদন দেওয়া হচ্ছে। বদলির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে প্রাথমিক উপদেষ্টা ড. বিধান চন্দ্র রায় পোদ্দার কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।

Facebook Comments Box